কেন পান্থ, এ চঞ্চলতা । কোন্ শূন্য হতে এল কার বারতা ।। নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমতো- ঘনকুন্তলভার ললাটে নত, ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা ।। কেশরকীর্ণ কদম্ববনে মর্মরমুখরিত মৃদুপবনে বর্ষণহর্ষ-ভরা ধরণীর বিরহবিশন্কিত করুণ কথা । ধৈর্য মানো ওগো ধৈর্য মান ! বরমাল্য গলে তব হয় নি ম্লান' আজো হয় নি ম্লান'- ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর মালতী তব চরণে প্রণতা ।।