খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর বাহিরে আমায় দাঁড়ায়ে । দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে ।। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যাতারা । আলোকের খেয়া হয়ে গেল দে'য়া অস্তসাগর পারায়ে ।। ভরি লয়ে ঝারি এনেছ কি বারি, সেজেছ কি শুচি দুকুলে । বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে । ধেনু এল গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে, পথ ছিল যত জুড়িয়া জগত আঁধারে গিয়েছে হারায়ে ।।