গীতবিতান
← সব গান

খেপা তুই আছিস আপন খেয়াল ধরে

পর্যায়: স্বদেশ

খেপা তুই আছিস আপন খেয়াল ধরে । যে আসে তোরই পাশে, সবাই হাসে দেখে তোরে ।। জগতে যে যার আছে আপন কাজে দিবানিশি । তারা পায় না বুঝে তুই কী খুঁজে খেপে-বেড়াস জনম ভ'রে ।। তোর নাই অবসর, নাইকো দোসর ভবের মাঝে । তোরে চিনতে যে চাই, সময় না পাই নানান কাজে । ওরে, তুই কী শোনাতে এত প্রাতে মরিস ডেকে? এ যে বিষম জ্বালা ঝালাপালা, দিবি সবায় পাগল করে ।। ওরে তুই কী এনেছিস, কী টেনেছিস ভাবের জালে? তার কি মূল্য আছে কারো কাছে কোনো কাল?। আমরা লাভের কাজে হাটের মাঝে ডাকি তোরে ! তুই কি সৃষ্টিছাড়া, নাইকো সাড়া, রয়েছিস কোন্‌ নেশার ঘোরে ? এ জগৎ আপন মতে আপন পথে চলে যাবে- বসে তুই আর-এক কোণে নিজের মনে নিজের ভাবে ।। ওরে ভাই, ভাবের সাথে ভবের মিলন হবে কবে- মিছে তুই তারই লাগি আছিস জাগি না জানি কোন্‌ আশার জোরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08