ঋষিকুমার । কী ঘোর নিশীথ, নীরব ধরা, পথ যে কোথায় দেখা নাহি যায়, জড়ায়ে যায় চরণে লতাপাতা । যাই, ত্বরা ক'রে যেতে হবে, সরযুতটিনীতীরে- কোথায় সে পথ । ওই কলকল রব- আহা, তৃষিত জনক মম, যাই তবে যাই ত্বরা । বনদেবীগণ । এই ঘোর আঁধার, কোথা রে যাস্ ! ফিরিয়া যা, তরাসে প্রাণ কাঁপে ! স্নেহের পুতুলি তুই, কোথা যাবি একা এ নিশিথে, কী জানি কী হবে, বনে হবি পথহারা ! ঋষিকুমার । না, কোরো না মানা, যাব ত্বরা । পিতা আমার কাতর তৃষায়, যেতেছি তাই সরযুনদীতীরে ।