কী হল আমার ! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি । পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি ।। প্রভাতকিরণে সকালবেলাতে মন লয়ে, সখী, গেছিনু খেলাতে- মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে, মনোফুল দলি চলি বেড়াইতে- সহসা, সজনী, চেতনা পেয়ে সহসা, সজনী, দেখিনু চেয়ে রাশি রাশি ভাঙা হৃদেয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি ।। যদি কেহ, সখী, দলিয়া যায়, তার 'পর দিয়া চলিয়া যায়- শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে- যদি কেহ, সখী, দলিয়া যায় । আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর, আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর । চিরদিন, সখী, হাসিত খেলিত, জোছনা-আলোকে নয়ন মেলিত- সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি ।।