কী ফুল ঝরিল বিপুল অন্ধকারে ।
গন্ধ ছড়ালো ঘুমের প্রান্তপারে ।।
একা এসেছিলে ভুলে অন্ধরাতের কূলে
অরুণ-আলোর বন্দনা করিবারে ।
ক্ষীণ দেহে মরি মরি সে যে নিয়েছিল বরি
অসীম সাহসে নিষ্ফল সাধনারে ।।
কী যে তার রুপ দেখা হল না তো চোখে,
জানি না কী নামে স্মরণ করিব ওকে ।
আঁধারে যাহারা চলে সেই তারাদের দলে
এসে ফিরে গেল বিরহের ধারে ধারে ।
করুণ মাধুরীখানি কহিতে জানে না বাণী,
কেন এসেছিল রাতের বন্ধ দ্বারে ।।