কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয় ।
ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয় ।।
ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,
তেমনি ক'রে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয় ।।
কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে,
কোন্ আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয় ।
পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি
তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে-
সে তো আজকে নয় সে আজকে নয় ।।