গীতবিতান
← সব গান

কোলাহল তো বারণ হল

পর্যায়: পূজা

কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে। এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে।। রাজার পথে লোক ছুটেছে, বেচা-কেনার হাঁক উঠেছে, আমার ছুটি অবেলাতেই দিন-দুপুরের মধ্যখানে- কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কেই-বা জানে।। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া। মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দভালোর দ্বন্দে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস বেলার খেলার সাথি এবার আমার হৃদয় টানে- বিনা কাজের ডাক পড়েছে কেন যে তা কেই-বা জানে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15