কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস -- সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, ধরায় আস ।। এই অকূল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বীণা ঝঙ্কারে । ঘোর বিপদ-মাঝে কোন্ জননীর মুখের হাসি দেখিয়া হাস ।। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে । এমন ব্যাকুল ক'রে কে তোমারে কাঁদায় যারে ভালোবাস ।। তোমার ভাবনা কিছু নাই -- কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই । তুমি মরণ ভুলে কোন্ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস ।।