গীতবিতান
← সব গান

কোন্‌ খেলা যে খেলব কখন্‌

পর্যায়: পূজা

কোন্‌ খেলা যে খেলব কখন্‌ ভাবি বসে সেই কথাটাই- তোমার আপন খেলার সাথি করো, তা হলে আর ভাবনা তো নাই ।। শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা- বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ।। তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী- ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি । সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে- অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09