গীতবিতান
← সব গান

এরা সুখের লাগি চাহে

পর্যায়: মায়ার খেলা

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান । তাই এত হায়-হায় । প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায় ।। সখী, চলো, গেলো নিশি, স্বপন ফুরালো, মিছে আর কেন বলো । শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল । সখী, চলো । প্রেমের কাহিনী গান হয়ে গেলো অবসান । এখন কেহ হাসে, কেহ ব'সে ফেলে অশ্রুজল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08