কোথায় আলো, কোথায় ওরে আলো! বিরহানলে জ্বালো রে তারে জ্বালো ।। রয়েছে দীপ, না আছে শিখা, এই কি ভালি ছিল রে লিখা- ইহার চেয়ে মরণ সে যে ভালো । বিরহানলে প্রদীপখানি জ্বালো ।। বেদনাদূতী গাহিছে, 'ওরে প্রাণ, তোমার লাগি জানেন ভগবান । নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান । তোমার লাগি জানেন ভগবান ।' গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল-জল পড়িছে ঝরি ঝরি এ ঘোর রাতে কিসের লাগি পরান মম সহসা জাগি এমন কেন করিছে মরি মরি । বাদল-জল পড়িছে ঝরি ঝরি । বিজুলি শুধু ক্ষণিক আভা হানে, নিবিড়তর তিমির চোখে আনে । জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথপানে । নিবিড়তর তিমির চোখে আনে । কোথায় আলো, কোথায় ওরে আলো! বিরহানলে জ্বালো রে তারে জ্বালো । ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া- নিবিড় নিশা নিকষঘনকালো । পরান দিয়ে প্রেমের দীপ জ্বালো ।।