বাল্মীকি । কোথায় সে উষাময়ী প্রতিমা-
তুমি তো নহ সে দেবী, কমলাসনা ।
কোরো না আমারে ছলনা ।
কী এনেছ ধন মান ! তাহা যে চাহে না প্রাণ ।
দেবী গো, চাহি না, চাহি না, মণিময় ধূলিরাশি চাহি না-
তাহা লয়ে সুখী যারা হয় হোক, হয় হোক-
আমি দেবী, সে সুখ চাহি না ।
যাও লক্ষ্মী অলকায়, যাও লক্ষ্মী অমরায়,
এ বনে এসো না, এসো না-
এসো না এ দীনজনকুটিরে ।
যে বীণা শুনেছি কানে মন প্রাণ আছে ভোর-
আর কিছু চাহি না, চাহি না ।।