কোথা বাহিরে দূরে যায় রে উড়ে হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায় । ওগো, হৃদয়ে যবে মোহন রবে, বাজবে বাঁশি তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি- তখন ঘুচবে ত্বরা ঘুরিয়া মরা হেথায় হোথায় । আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায় ।। চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়, তোরা শুনিস কানে বারতা আনে দখিনবায় । আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে চির- বসন্ত যে তোমারি খোঁজে এসেছে প্রাণে- তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগলপ্রায়- তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায় ।।