গীতবিতান
← সব গান

কৃষ্ণকলি আমি তারেই বলি

পর্যায়: বিচিত্র

কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক । মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ । ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের 'পরে লোটে । কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ । ঘন মেঘে আঁধার হল দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এল তাই । আকাশ-পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরুগুরু । কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ । পুবে বাতাস এল হঠাত ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ । আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ । আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে । কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ । এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে । এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল-বনে । এমনি করে শ্রাবণ-রজনীতে হঠাত খুশি ঘনিয়ে আসে চিতে । কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ । কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক । দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ । মাথার 'পরে দেয় নি তুলে বাস, লজ্জা পাবার পায় নি অবকাশ । কালো ? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-07