গীতবিতান
← সব গান

ক্ষমা করো মোরে সখী

পর্যায়: নাট্যগীতি

ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর- মরমে লুকানো থাক্‌ মরমের ভার ।। যে গোপন কথা, সখী, সতত লুকায়ে রাখি ইষ্টদেবমন্ত্র-সম পূজি আনিবার ।। তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে- লুকানো থাক্‌ তা, সখী, হৃদয়ে আমার ।। ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি । সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি । আমি তুচ্ছ হতে তুচ্ছ- সে নাম যে অতি উচ্চ, সে নাম যে নহে যোগ্য এই রসনার ।। ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে আকাশের তারকারে পূজে মনে মনে- দিন-দিন পূজা করি শুকায়ে পড়ে সে ঝরি, আজন্ম নীরবে বহি যায় প্রাণ তার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-10