কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও, শেষে দাও মুছে ।
ওহে চঞ্চল, বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে ।।
চকিত চোখের অশ্রুসজল
বেদনায় তুমি ছুঁয়ে ছুঁয়ে চল-
কোথা সে পথের শেষ কোন্ সুদূরের দেশ
সবাই তোমায় তাই পুছে ।।
বাঁশরির ডাকে কুঁড়ি ধরে শাখে, ফুল যবে ফোটে নাই দেখা ।
তোমার লগন যায় যে কখন মালা গেঁথে আমি রই একা ।
'এসো এসো এসো' আঁখি কয় কেঁদে ।
তৃষিত বক্ষ বলে 'রাখি বেঁধে' ।
যেতে যেতে, ওগো প্রিয়, কিছু ফেলে রেখে দিয়ো
ধরা দিতে যদি নাই রুচে ।।