মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে ?
তারা যে করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে ।।
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে-
তবু কি এমনি করে ফিরব ওরে আপন মায়ের প্রসাদ ফেলে ?।
কিছু মোর নেই ক্ষমতা সে যে ঘোর মিথ্যে কথা,
এখনো হয় নি মরণ শক্তিশেলে-
আমাদের আপন শক্তি আপন ভক্তি চরণে তোর দেব মেলে ।।
নেব গো মেগে-পেতে যা আছে তোর ঘরেতে,
দে গো তোর আঁচল পেতে চিরকেলে-
আমাদের সেইখেনে মান, সেইখেনে প্রাণ, সেইখেনে দিই হৃদয় ঢেলে ।।