মম যৌবননিকুঞ্জে গাহে পাখি- সখি, জাগ' জাগ' । মেলি রাগ-অলস আঁখি- অনু রাগ-অলস আঁখি সখি, জাগ' জাগ' ।। আজি চঞ্চল এ নিশীথে জাগ' ফাগুনগুণগীতে অয়ি প্রথমপ্রণয়ভীতে, মম নন্দন-অটবীতে পিক মুহু মুহু উঠে ডাকি- সখি, জাগ' জাগ' ।। জাগ' নবীন গৌরবে, নব বকুলসৌরভে, মৃদু মলয়বীজনে জাগ' নিভৃত নির্জনে । আজি আকুল ফুলসাজে জাগ' মৃদুকম্পিত লাজে, মম হৃদয়শয়নমাঝে, শুন মধুর মুরলী বাজে মম অন্তরে থাকি থাকি- সখি, জাগ' জাগ' ।।