গীতবিতান
← সব গান

মোদের কিছু নাই রে নাই

পর্যায়: বিচিত্র

মোদের কিছু নাই রে নাই, আমরা ঘরে বাইরে গাই- তাইরে নাইরে নাইরে না । না না না । যতই দিবস যায় রে যায় গাই রে সুখে হায় রে হায়- তাইরে নাইরে নাইরে না । না না না । যারা সোনার চোরাবালির 'পরে পাকা-ঘরের ভিত্তি গড়ে তাদের সামনে মোরা গান গেয়ে যাই- তাইরে নাইরে নাইরে না । না না না ।। যখন থেকে থেকে গাঁঠের পানে গাঁঠকাটারা দৃষ্টি হানে তখন শূন্যঝুলি দেখায়ে গাই- তাইরে নাইরে নাইরে না । না না না ।। যখন দ্বারে আসে মরণবুড়ি মুখে তাহার বাজাই তুড়ি, তখন তান দিয়ে গান জুড়ি রে ভাই- তাইরে নাইরে নাইরে না । না না না ।। এ যে বসন্তরাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ, ওরে, অন্তরে তার বৈরাগী গায়- তাইরে নাইরে নাইরে না । না না না ।। সে যে উৎসবদিন চুকিয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে, দুই রিক্ত হাতে তাল দিয়ে গায়- তাইরে নাইরে নাইরে না । না না না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13