মনের মধ্যে নিরবধি শিকল গড়ার কারখানা ।
একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা ।।
কেমন ক'রে নামবে বোঝা, তোমার আপদ নয় যে সোজা--
অন্তরেতে আছে যখন ভয়ের ভীষণ ভারখানা ।।
রাতের আঁধার ঘোচে বটে বাতির আলো যেই জ্বালো,
মূর্ছাতে যে আঁধার ঘটে রাতের চেয়ে ঘোর কালো ।
ঝড়-তুফানে ঢেউয়ের মারে তুব তরী বাঁচতে পারে,
সবার বড়ো মার যে তোমার ছিদ্রটার ওই মারখানা ।।
পর তো আছে লাখে লাখে, কে তাড়াবে নিঃশেষে ।
ঘরেরে মধ্যে পর যে থাকে পর করে দেয় বিশ্বে সে ।
কারাগারের দ্বারী গেলে তখনি কি মুক্তি মেলে ।
আপনি তুমি ভিতর থেকে চেপে আছ দ্বারখানা ।।
শূন্য ঝুলির নিয়ে দাবি রাগ ক'রে রোস্ কার 'পরে ।
দিতে জানিস তবেই পাবি, পাবি নে তো ধার ক'রে ।
লোভে ক্ষোভে উঠিস মাতি, ফল পেতে চাস রাতারাতি--
আপন মুঠো করলে ফুটো আপন খাঁড়ার ধারখানা ।।