প্রথম দৃশ্য কানন মায়াকুমারীগণ সকলে । মোর জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি । প্রথমা । মোরা স্বপন চরনা করি অলস নয়ন ভরি । দ্বিতীয়া । গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি । তৃতীয়া । মোরা মদিরতরঙ্গ তুলি বসন্তসমীরে । প্রথমা । দুরাশা জাগায় প্রাণে প্রাণে আধো-তানে ভাঙা-গানে ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি । সকলে । মোরা মায়াজাল গাঁথি ।। দ্বিতীয়া । নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে । তৃতীয়া । কত ভুল করে তারা, কত কাঁদে হাসে । প্রথমা । মোরা মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে আনি মান-অভিমান । দ্বিতীয়া । বিরহী স্বপনে পায় মিলনের সাথি । সকলে । মোরা মায়াজাল গাঁথি ।। প্রথমা । চলো সখী, চলো । কুহকস্বপনখেলা খেলাবে চলো । দ্বিতীয়া ও তৃতীয়া । নবীন হৃদয়ে রচি নব প্রেমছল প্রমোদে কাটাব নব বসন্তের রাতি । সকলে । মোরা মায়াজাল গাঁথি ।।