গীতবিতান
← সব গান

মোরা সত্যের পরে মন আজি

পর্যায়: বিচিত্র

মোরা সত্যের 'পরে মন আজি করিব সমর্পণ । জয় জয় সত্যের জয় । মোরা বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন । জয় জয় সত্যের জয় । যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয় । যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয় । যদি দন্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয় । জয় জয় সত্যের জয় । মোরা মঙ্গলকাজে প্রাণ আজি করিব সকলে দান । জয় জয় মঙ্গলময় । মোরা লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান । জয় জয় মঙ্গলময় । যদি দুঃখে দহিতে হয় তবু অশুভচিন্তা নয় । যদি দৈন্য বহিতে হয় তবু অশুভকর্ম নয় । যদি দন্ড সহিতে হয় তবু অশুভ বাক্য নয় । জয় জয় মঙ্গলময় । সেই অভয় ব্রহ্মনাম আজি মোরা সবে লইলাম- যিনি সকল ভয়ের ভয় । মোরা করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম । জয় জয় ব্রহ্মের জয় । যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয় । যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয় । যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয় । জয় জয় ব্রহ্মের জয় । মোরা আনন্দ-মাঝে মন আজি করিব বিসর্জন । জয় জয় আনন্দময় । সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন । জয় জয় আনন্দময় । আনন্দ চিত্ত-মাঝে আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে দুঃখে বিপদজালে, আনন্দ সর্বলোকে মৃত্যুবিরহে শোকে- জয় জয় আনন্দময় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14