গীতবিতান
← সব গান

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে

পর্যায়: পূজা

মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে আজি এ মঙ্গলপ্রভাতে ।। উদয়গিরি হতে উচ্চে কহ মোরে: তিমির লয় হল দীপ্তিসাগরে; স্বার্থ হতে জাগো, দৈন্য হতে জাগো, সব জড়তা হতে জাগো জাগো রে সতেজ উন্নত শোভাতে ।। বাহির করো তব পথের মাঝে, বরণ করো মোরে তোমার কাজে । নিবিড় আবরণ করো বিমোচন, মুক্ত করো সব তুচ্ছ শোচন, ধৌত কর মম মুগ্ধ লোচন তোমার উজ্জল শুভ্ররোচন নবীন নির্মল বিভাতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-30