নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে । ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে ।। বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো, আউষের ক্ষেত জলে ভরো-ভরো, কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্ চাহি রে ।। ওই শোনো শোনো পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে । খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে । পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ, দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ- দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল্ উঠে বাজি রে । খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে ।। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে- এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে । দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি, রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে । এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে ।। ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে । আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে । ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল- ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্ চাহি রে ।।