নীরব রজনী দেখো মগ্ন জোছনায় । ধীরে ধীরে, অতি ধীরে গাও গো ।। ঘুমঘোরময় গান বিভাবরী গায়- রজনীর কন্ঠ-সাথে সুকন্ঠ মিলাও গো ।। নিশার কুহুকবলে নিরবতাসিন্ধুতলে মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর-- প্রশান্ত সাগরে হেন তরঙ্গ না তুলে যেন অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর । তটিনী কী শান্ত আছে-- ঘুমাইয়া পড়িয়াছে বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি ভুলে যদি ঘুমে ঘুমে তটের চরণ চুমে সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি । তাই বলি, অতি ধীরে, অতি ধীরে গাও গো- রজনীর কন্ঠ-সাথে সুকন্ঠ মিলাও গো ।।