নিশা-অবসানে কে দিল গোপনে আনি তোমার বিরহ-বেদনা-মানিকখানি ।। সে ব্যথার দান রাখিব পরানমাঝে- হারায় না যেন জটিল দিনের কাজে, বুকে যেন দোলে সকল ভাবনা হানি ।। চিরদুখ মম চিরসম্পদ হবে, চরম পূজায় হবে সার্থক কবে । স্বপনগহন নিবিড়তিমিরতলে বিহ্বল রাতে সে যেন গোপনে জ্বলে, সেই তো নীরব তব আহ্বানবাণী ।।