ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে । নূতন-পাতার-পুলক-ছোওয়া পরশখানি দাও বুলিয়ে ।। আমি পথের ধারের ব্যাকুল বেণু হঠাৎ তোমার সাড়া পেনু গো-- আহা, এসো আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে ।। ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, পথের ধার আমার বাসা । জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা । আমায় তোমার ছোঁওয়া লাগলে পরে একটুকুতেই কাঁপন ধরে গো-- আহা, কানে কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে ।।