গীতবিতান
← সব গান

ওগো এত প্রেম-আশা

পর্যায়: প্রেম

ওগো এত প্রেম-আশা, প্রাণের তিয়াষা কেমনে আছে সে পাশরি । তবে সেথা কি হাসে না চাঁদিনী যামিনী, সেথা কি বাজে না বাঁশরি ।। সখী, হেথা সমীরণ লুটে ফুলবন, সেথা কি পবন বহে না । সে যে তার কথা মোরে কহে অনুক্ষণ, মোর কথা তারে কহে না ! যদি আমারে আজি সে ভুলিবে সজনী, আমারে ভুলালে কেন সে । ওগো এ চিরজীবন করিব রোদন, এই ছিল তার মানসে । যবে কুসুমশয়নে নয়নে নয়নে কেটেছিল সুখরাতি রে, তবে কে জানিত তার বিরহ আমার হবে জীবনের সাথি রে । যদি মনে নাহি রাখে, সুখে যদি থাকে, তোরা একবার দেখে আয়- এই নয়নের তৃষা, পরানের আশা, চরণের তলে রেখে আয় । আর নিয়ে যা রাধার বিরহের ভার, আর কত ঢেকে রাখি বল্ । আর পারিস যদি তো আনিস হরিয়ে এক-ফোঁটা তার আঁখিজল । না না, এত প্রেম, সখী, ভুলিতে যে পারে তারে আর সেধো না । আমি কথা নাহি কব, দুখ লয়ে রব, মনে মনে স'ব বেদনা । ওগো মিছে মিছে, সখী, মিছে এই প্রেম, মিছে পরানের বাসনা । ওগো সুখদিন হায় যবে চলে যায় আর ফিরে আর আসে না ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29