ওগো কে যায় বাঁশরি বাজায়ে আমার ঘরে কেহ নাই যে ।
তারে মনে পড়ে যারে চাই যে ।।
তার আকুল পরান, বিরহের গান, বাঁশি বুঝি গেল জানায়ে ।
আমি আমার কথা তারে জানাব কী করে, প্রাণ কাঁদে মোর তাই যে ।।
কুসুমের মালা গাঁথা হল না, ধূলিতে প'ড়ে শুকায় রে ।
নিশি হয় ভোর, রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে ।
সারা বিভাবরী কার পূজা করি যৌবনডালা সাজায়ে-
বাঁশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়, আমি কেন থাকি হায় রে ।।