গীতবিতান
← সব গান

ওগো কিশোর আজি তোমার দ্বারে

পর্যায়: প্রেম

ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে । নবীন কবে করিবে তারে রঙিন তব রাগে ।। ভাবনাগুলি বাঁধনখোলা রচিয়া দিবে তোমার দোলা, দাঁড়িয়ো আসি হে ভাবে-ভোলা, আমার আঁখি-আগে ।। দোলের নাচে বুঝি গো আছ অমরাবতীপুরে-- বাজাও বেণু বুকের কাছে, বাজাও বেণু দূরে । শরম ভয় সকলি ত্যেজে মাধবী তাই আসিল সেজে-- শুধায় শুদু, 'বাজায় কে যে মধুর মধুসুরে !' গগনে শুনি একি এ কথা, কাননে কী যে দেখি । একি মিলনচঞ্চলতা, বিরহব্যথা একি । আঁচল কাঁপে ধরার বুকে, কী জানি তাহা সুখে না দুখে-- ধরিতে যারে না পারে তারে স্বপনে দেখিছে কি । লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে-- সোহাগিনির হৃদয়তলে বিরহিণীর মনে মনে । মধুর মোরে বিধুর করে সুদুর তার বেণুর স্বরে, নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে । আনো গো আনো ভরিয়া ডালি করবীমালা লয়ে, আনো গো আনো সাজায়ে থালি কোমল কিশলয়ে । এসো গো পীত বসনে সাজি, কোলেতে বীণা উঠুক বাজি, ধ্যানেতে আর গানেতে আজি যামিনী যাক বয়ে । এসো গো এসো দোলবিলাসী বাণীতে মোর দোলো, ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো । অনকে দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে, নাচিবে আজি তোমার নাচে সময় তারি হল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19