গীতবিতান
← সব গান

ওগো শেফালিবনের মনের কামনা

পর্যায়: প্রকৃতি

ওগো শেফালিবনের মনের কামনা কেন সুদূর গগনে গগনে আছ মিলায়ে পবনে পবনে । কেন কিরণে কিরণে ঝলিয়া যাও শিশিরে শিশিরে গলিয়া । কেন চপল আলোতে ছায়াতে আছ লুকায়ে আপন মায়াতে । তুমি মুরতি ধরিয়া চকিতে নামো-না ।। আজি মাঠে মাঠে চলো বিহরি, তৃণ উঠুক শিহরি শিহরি । নামো তালপল্লববীজনে, নামো জলে ছায়াছবিসৃজনে । এলো সৌরভ ফরি আঁচলে, আঁখি আঁকিয়া সুনীল কাজলে । মম চোখের সমুখে ক্ষণেক থামো-না ।। ওগো সোনার স্বপন, সাধের সাধনা, কত আকুল হাসি ও রোদনে, রাতে দিবসে স্বপনে বোধনে, জ্বালি জোনাকিপ্রদীপমালিকা, ভরি নিশীথতিমিরথালিকা, প্রাতে কুসুমের সাজি সাজায়ে, সাঁজে ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে, কত করেছে তোমার স্তুতি-আরাধনা, ওগো সোনার স্বপন, সাধের সাধনা । ওই বসেছ শুভ্র আসনে আজি নিখিলের সম্ভাষণে । আহা শ্বেতচন্দনতিলকে আজি তোমারে সাজায়ে দিল কে । আহা বরিল তোমারে কে আজি তার দুঃখশয়ন তেয়াজি-- তুমি ঘুচালে কাহার বিরহকাঁদনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-21