ওহে দয়াময়, নিখিল-আশ্রয়, এ ধরা-পানে চাও-- পতিত যে জন করিছে রোদন, পতিতপাবন, তাহারে উঠাও । মরণে যে জন করেছে বরণ তাহারে বাঁচাও ।। কত দুখ শোক, কাঁদে কত লোক, নয়ন মুছাও । ভাঙিয়া আলয় হেরে শূন্যময় । কোথায় আশ্রয়-- তারে ঘরে ডেকে নাও । প্রেমের তৃষায় হৃদয় শুকাও, দাও প্রেমসুধা দাও ।। হেরো কোথা যায়, কার পানে চায় । নয়নে আঁধার-- নাহি হেরে দিক, আকুল পথিক চাহে চারি ধার । এ ঘোর গহনে অন্ধ সে নয়নে তোমার কিরণে আঁধার ঘুচাও । সঙ্গহারা জনে রাখিয়া চরণে বাসনা পূরাও ।। কলঙ্কের রেখা প্রাণে দেয় দেখা প্রতিদিন হায় । হৃদয় কঠিন হল দিন দিন, লজ্জা দূরে যায় দেহো গো বেদনা, করাও চেতনা ! রেখো না, রেখো না-- এ পাপ তাড়াও । সংসারের রণে পরাজিত জনে নববল দাও ।।