(কীর্তনের সুর। একতাল)
ওহে জীবনবল্লভ,
ওহে সাধনদুর্লভ,
আমি মর্মের কথা অন্তরব্যথা কিছুই নাহি কব-
শুধু জীবন মন চরণে দিনু বুঝিয়া লহো সব।
(দিনু চরণতলে- কথা যা ছিল দিনু চরণতলে-
প্রাণের বোঝা বুঝে লও, দিনু চরণতলে।)
আমি কী আর কব।।
এই সংসারপথসঙ্কট অতি কন্টকময় হে,
আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেমমূরতি তব।
(আমি নীরবে- পথের কাঁটা মানব না, আমি নীরবে।
হৃদয়ব্যথায় কাঁদব না, আমি নীরবে)
আমি কী আর কব।।
আমি সুখদুখ সব তুচ্ছ করিনু প্রিয়-অপ্রিয় হে-
তুমি নিজ হাতে যাহা সঁপিবে তাহা মাথায় তুলিয়া লব।
(আমি মাথায় লব- যাহা দিবে তাই মাথায় লব-
সুখ দুখ তব পদধূলি ব'লে মাথায় লব।)
আমি কী আর কব।।
অপরাধ যদি ক'রে থাকি পদে, না করো যদি ক্ষমা,
তব পরানপ্রিয় দিয়ো হে দিয়ো বেদনা নব নব।
(দিয়ো বেদনা- যদি ভালো বোঝো দিয়ো বেদনা-
বিচারে যদি দোষী হই দিয়ো বেদনা।)
আমি কী আর কব।।
তবু ফেলো না দূরে, দিবসশেষে ডেকে নিয়ো চরণে-
তুমি ছাড়া আর কী আছে আমার! মৃত্যু আঁধার ভব।
(নিয়ো চরণে- ভবের খেলা সারা হলে নিয়ো চরণে-
দিন ফুরাইলে, দীননাথ, নিয়ো চরণে।)
আমি কী আর কব।।