গীতবিতান
← সব গান

ওই আসে ওই অতি ভৈরব হরষে

পর্যায়: প্রকৃতি

ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে ঘনগৌরবে নবযৌবনা বরষা শ্যামগম্ভীর সরসা । গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপী কেকাকলরবে বিহরে-- নিখিলচিত্তহরষা ঘনগৌরবে আসিছে মত্ত বরষা ।। কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা, জনপদবধু তড়িতচকিতনয়না, মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা । ঘনবনতলে এসো ঘননীলবসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা, আনো বীণা মনোহারিকা । কোথা বিরহিণী, কোথা তোরা অভিসারিকা ।। আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ, হুলুরব করো বধুরা-- এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী, ওগো প্রিয়সুখভাগিনী । কুঞ্জকুটিরে অয়ি ভাবাকুললোচনা, ভূর্জপাতায় নবগীত করো রচনা মেঘমল্লাররাগিণী । এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী ।। কেতকীকেশরে কেশপাশ করো সুরভি, ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী । কদম্বরেণু বিছাইয়া দাও শরনে, অঞ্জন আঁকো নয়নে । তালে তালে দুটি কঙ্কণ কনকনিয়া ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া স্মিতবিকশিত বয়নে-- কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে ।। এসেছে বরষা, এসেছে নবীন বরষা, গগন ভরিয়া এসেছ ভুবনভরসা ! দুলিছে পবন সন-সন বনবীথিকা, গীতময় তরুলতিকা । শতেক যুগের কবিদলে মিলি আকাশে ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে শতেক যুগের গীতিকা, শতশতগীতমুখরিত বনবীথিকা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20