ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব, তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব ।। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ ? চিরজনম এমন ক'রে ভুলিয়ো নাকো । অসম্মানে আনো টেনে পায়ে তব । তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব ।। আমি তোমার যাত্রীদলের রব পিছে, স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে । প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না তো, রইব চেয়ে- সবার শেষে যা বাকি রয় তাহাই লব । তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব ।।