গীতবিতান
← সব গান

ওই বুঝি কালবৈশাখী

পর্যায়: প্রকৃতি

ওই বুঝি কালবৈশাখী সন্ধ্যা-আকাশে দেয় ঢাকি ।। ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে-- শোন্‌ দেখি ঘোর হুঙ্কারে নাম তোরই ওই যায় ডাকি ।। তোর সুরে আর তোর গানে দিস সাড়া তুই ওর পানে । যা নড়ে তায় দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে, যা ভাঙা তাই ভাঙবে রে-- যা রবে তাই থাক্‌ বাকি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-19