গীতবিতান
← সব গান

ওই মরণের সাগরপারে চুপে চুপে

পর্যায়: পূজা

ওই মরণের সাগরপারে চুপে চুপে এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে ।। কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে, বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে- আজ এসেছ ভূবনমোহন স্বপনরূপে ।। আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা, তারি স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা । আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে, ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে, বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে- আজ এসেছ ভূবনমোহন স্বপনরূপে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28