ওই রে তরী দিল খুলে । তোর বোঝা কে নেবে তুলে ?। সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে-- পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ।। ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে-- তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে । ডাক্ রে আমার মাঝিরে ডাক্, বোঝা তোমার যাক ভেসে যাক-- জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে ।।