ওরে ভাই, মিথ্যা ভেবো না ।
হবার নয় যা কোনোমতেই হবেই না সে, হতে দেব না ।।
পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে -
যেতে দেব না ।
মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না ।।
দুঃখ আছে, দুঃখ পেতেই হবে -
যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে ।
উপর-পানে চেয়ে ওরে ব্যথা নে রে বক্ষে ধ'রে -
নে রে সকলে ।
নিঃসহায়ের সহায় যিনি বাজবে তাঁরে তোদের বেদনা ।।