গীতবিতান
← সব গান

ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি

পর্যায়: বিচিত্র

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি ।। তরী কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে । সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি ।। যেন আমার লাগে মনে, মন্দ-মধুর এই পবনে সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি । আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-20