ওরে সাবধানী পথিক, বারেক পথ ভুলে মরো ফিরে । খোলা আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে ।। সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ, ঝ'রে প'ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ- সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে ।। অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে, ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে । আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে ।।