ওরে শিকল, তোমায় কোলে ক'রে দিয়েছি ঝঙ্কার । তুমি আনন্দে, ভাই, রেখেছিলে ভেঙে অহঙ্কার ।। তোমায় নিয়ে ক'রে খেলা সুখে দুঃখে কাটল বেলা- অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার ।। তোমার 'পরে করি নে রোষ, দোষ থাকে তো আমারি দোষ-- ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর । অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি, সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার ।।