ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে ।
মেলো আঁখি, জাগো জাগো, থেকো না রে অচেতন ।।
সকলেই তাঁর কাজে ধাইল জগতমাঝে,
জাগিল প্রভাতবায়ু, ভানু ধাইল আকাশপথে ।।
একে একে নাম ধরে ডাকিছেন বুঝি প্রভু-
একে একে ফুলগুলি তাই ফুটিয়া উঠিছে বনে ।
শুন সে আহ্বানবাণী, চাহো সেই মুখপানে-
তাঁহার আশিস লয়ে চলো রে যাই সবে তাঁর কাজে ।।