গীতবিতান
← সব গান

পাখি আমার নীড়ের পাখি

পর্যায়: প্রেম

পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি-- আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি ।। ডাক উঠেছে মেঘে মেঘে, অলস পাখা উঠল জেগে-- লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি ।। আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে । যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে । গানের ভরা উঠল ভ'রে, চায় দিতে তাই উজাড় ক'রে- নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16