পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
এই খসে যাবার, ভেসে যাবার, ভাঙবারই আনন্দে রে ।।
পাতিয়া কান শুনিস না যে দিকে দিকে গগনমাঝে
মরণবীণায় কী সুর বাজে তপন-তারা-চণ্দ্রে রে--
জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে জ্বলবারই আনন্দে রে ।।
পাগল-করা গানের তানে ধায় যে কোথা কেই বা জানে,
চায় না ফিরে পিছন-পানে, রয় না বাঁধা বন্ধে রে--
লুটে যাবার, ছুটে যাবার, চলবারই আনন্দে রে ।
সেই আনন্দ চরণ-পাতে ছয় ঋতু যে নৃত্যে মাতে,
প্লাবন বহে যায় ধরাতে বরন গীতে গন্ধে রে--
ফেলে দেবার, ছেড়ে দেবার, মরবারই আনন্দে রে ।।