পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে ।
চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে ।।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে ।
যাবে না, যাবে না-
দেয়াল যত সব গেল টুটে ।।
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে- যত মাতাল জুটে ।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো ।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে ।।