আম্রকুঞ্জ
ফল ফলাবার আশা আমি মনেই রাখি নি রে ।
আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে ।
বসন্তগান পাখিরা গায়,
বাতাসে তার সুর ঝরে যায়,
মুকুল ঝরার ব্যাকুল খেলা
আমারি সেই রাগিণী রে ।
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা ।
এই কথা মোর শূন্য ডালে
বাজবে সেদিন তালে তালে,
'চরম দেওয়ায় সব দিয়েছই
মধুর মধুযামিনীরে ।'