← সব গানপিতার দুয়ারে দাঁড়াইয়া সবে
পর্যায়: পূজা ও প্রার্থনা
বাহার | একতাল
পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও অভিমান ।
এসো, ভাই, এসো প্রাণে প্রাণে আজি রেখোনা রে ব্যবধান ।।
সংসারের ধুলা ধুয়ে ফেলে এসো, মুখে লয়ে এসো হাসি ।
হৃদয়ের থালে লয়ে এসো, ভাই, প্রেমফুল রাশি-রাশি ।।
নীরস হৃদয়ে আপনা লইয়ে রহিলে তাঁহারে ভুলে-
অনাথ জনের মুখপানে, আহা, চাহিলে না মুখ তুলে ।
কঠোর আঘাতে ব্যথা পেলে কত, ব্যথিলে পরের প্রাণ-
তুচ্ছ কথা নিয়ে বিবাদে মাতিয়ে দিবা হল অবসান ।।
তাঁর কাছে এসে তবুও কি আজি আপনারে ভুলিবে না ।
হৃদয়মাঝারে ডেকে নিতে তাঁরে হৃদয় কি খুলিবে না ।
লইব বাঁটিয়া সকলে মিলিয়া প্রেমের অমৃত তাঁরি-
পিতার অসীম ধনরতনের সকলেই অধিকারী ।।