← সব গানপ্রভু এলেম কোথায়
পর্যায়: পূজা ও প্রার্থনা
প্রভু, এলেম কোথায় ।
কখন বরষ গেল, জীবন বহে গেল-
কখন কী-যে হল জানি নে হায় ।
আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায় ।
মরণসাগর-পানে চলিছে প্রতিক্ষণ,
তবুও দিবানিশি মোহেতে অচেতন ।
এ জীবন অবহেলে আঁধারে দিনু ফেলে-
কত-কী গেল চলে, কত-কী যায় ।
শোকে তাপে জরজর অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায় ।
কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা-
কোথা গো ধ্রুবতারা কোথা গো হায় ।।